মঙ্গলবার । এপ্রিল ২১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২১ এপ্রিল ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ন
শেয়ার

চুক্তি না হলে ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের


trump

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

সোমবার (২০ এপ্রিল) টেলিফোনে প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই অবস্থান ব্যক্ত করেন।

সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল— নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে যুদ্ধ কি ফের শুরু হবে? জবাবে ট্রাম্প সরাসরি বলেন, “যদি কোনো চুক্তি না হয়, তবে আমি অবশ্যই তেমনটা (যুদ্ধ শুরু হওয়া) মনে করছি।” তবে তিনি এ-ও স্পষ্ট করেছেন যে, কোনো ‘বাজে চুক্তিতে’ সই করার জন্য তার কোনো তাড়াহুড়ো নেই এবং ওয়াশিংটনের হাতে যথেষ্ট সময় আছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ছে না বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, ওয়াশিংটন সময় বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে। এর মধ্যে কোনো টেকসই চুক্তিতে পৌঁছানো না গেলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ‘একেবারেই ক্ষীণ’ বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্পের ভাষায়, “আমি এই মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুব একটা দেখছি না।”

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে এর আগে ট্রাম্পের বক্তব্যে বেশ কয়েকবার অসংলগ্নতা দেখা গিয়েছিল। গত সপ্তাহের এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রশ্নের বিপরীতে তিনি তিনবার তিন ধরনের উত্তর দিয়ে বিভ্রান্তি তৈরি করেছিলেন। তবে সর্বশেষ ব্লুমবার্গের সাক্ষাৎকারে তার কঠোর অবস্থান থেকে ধারণা করা হচ্ছে, এবারের সময়সীমা নিয়ে তিনি বেশ অনড়।

বিশ্ব রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, বুধবার সন্ধ্যার আগে যদি কোনো নাটকীয় মোড় না আসে, তবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি পুনরায় ভয়াবহ সংঘাতের দিকে মোড় নিতে পারে।