
ছবি: সংগৃহীত
২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারাদেশে ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
প্রথম দিনের পরীক্ষা শেষে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশের ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। তবে ২৫ হাজার ৪০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।

বোর্ডভিত্তিক পরিসংখ্যান
সাধারণ শিক্ষা বোর্ড: ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯০ জন এবং বহিষ্কার হয়েছে ২ জন শিক্ষার্থী।
মাদ্রাসা শিক্ষা বোর্ড: দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থীর মধ্যে ১১ হাজার ২১১ জন অনুপস্থিত ছিল। এই বোর্ডে সর্বোচ্চ ৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ড: কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ৩০৭ জন অনুপস্থিত ছিল। এছাড়া দায়িত্ব অবহেলার কারণে একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
প্রথম দিনে ৯টি সাধারণ বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুপস্থিতির হার মাদ্রাসা বোর্ডে তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে। তবে সামগ্রিকভাবে সারাদেশের কেন্দ্রগুলোতে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।





































