
নুসরাত তাবাসসুম ও মনিরা শারমিন
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে ঘিরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বড় ধরনের সংকটে পড়েছে। নির্ধারিত সময়ের পরে মনোনয়ন জমা দেওয়ায় দলটির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা নিয়েও তৈরি হয়েছে আইনি জটিলতা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল। তবে নুসরাত তাবাসসুম বিকেল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন। নির্ধারিত সময়সীমা অতিক্রম করায় কমিশন তার আবেদন বাতিল করে।
অন্যদিকে, মনিরা শারমিনের মনোনয়ন জমা পড়লেও তা আপাতত স্থগিত রাখা হয়েছে। তার প্রার্থিতা নিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী যোগ্যতা প্রশ্নে জটিলতা দেখা দিয়েছে।

আইন অনুযায়ী, সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসরের তিন বছর পূর্ণ না হলে কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। জানা গেছে, মনিরা শারমিন ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং গত ডিসেম্বরে পদত্যাগ করেন। সে হিসেবে চাকরি ছাড়ার পর এখনো মাত্র চার মাস অতিবাহিত হয়েছে।
এ অবস্থায় নির্বাচন কমিশন তাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ্যতার পক্ষে প্রমাণ দিতে না পারলে সংরক্ষিত নারী আসনে এনসিপির প্রতিনিধিত্ব নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হতে পারে।







































