
ছবি: সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চাগাই জেলায় একটি তামা ও সোনার খনি প্রকল্পে ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) রাতে চাগাইয়ের দারিগওয়ান সাইটে এই হামলার ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিশ্চিত করেছে।
প্রকল্পটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ন্যাশনাল রিসোর্সেস লিমিটেড (এনআরএল) এক বিবৃতিতে জানায়, প্রায় ৪০ জনের একটি সশস্ত্র দল মোটরসাইকেলে এসে অতর্কিত এই হামলা চালায়। হামলাকারীরা গ্রেনেড লঞ্চার ব্যবহার করে খনি সাইটের জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটালে সেখানে ভয়াবহ আগুনের সৃষ্টি হয়। ঘটনার পরপরই ফ্রন্টিয়ার কোরসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় এবং হামলাকারীদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে।
স্থানীয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ৩ জন নিরাপত্তা রক্ষী এবং ৭ জন খনি শ্রমিক রয়েছেন। নিহত শ্রমিকদের মধ্যে ৩ জন সিন্ধু প্রদেশের, ২ জন খাইবার পাখতুনখোয়ার এবং ২ জন স্থানীয় বেলুচ নাগরিক। এছাড়া এই ঘটনায় আরও এক তুর্কি নাগরিক অপহৃত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে দালবানদিনের প্রিন্স ফাহাদ হাসপাতালে পাঠিয়েছে।

উল্লেখ্য, ওই অঞ্চলে তামা ও সোনার সন্ধানে বড় ধরনের বিনিয়োগ ও অনুসন্ধান চালাচ্ছিল এনআরএল, যেখানে ৯০ শতাংশ কর্মীই ছিলেন স্থানীয় বাসিন্দা। এই হামলার ঘটনায় ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই বর্বরোচিত হামলার দায় স্বীকার করেনি।










































