
তপ্ত ঢাকা, ক্লান্ত জীবন ও একটু প্রশান্তির খোঁজ
বৈশাখ-জ্যৈষ্ঠের দুপুরে আকাশ থেকে যেন আগুন ঝরছে। কংক্রিটের এই শহরে তাপমাত্রার পারদ চড়চড় করে বাড়ছে আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে তৃষ্ণা। যখন সামর্থ্যবানরা এসি ঘরে বা ফ্যানের নিচে স্বস্তির খোঁজ করেন, তখন একদল মানুষ পেটের তাগিদে রাজপথে। তারা ঢাকা শহরের চাকা সচল রাখা রিকশাচালক। রোদে পোড়া শরীর, দরদর করে ঝরা ঘাম আর ক্লান্তিতে বুজে আসা চোখ—এটাই এই মুহূর্তের বাস্তব চিত্র। এই তীব্র দাবদাহে রিকশাচালকদের ক্লান্তি, তৃষ্ণা এবং যৎসামান্য বিশ্রামের কিছু মুহূর্ত নিয়ে সাজানো হয়েছে আজকের ফটো স্টোরি।

ক্লান্তির শেষ সীমা
সকাল থেকে প্যাডেল ঘুরিয়ে শরীর আর সায় দিচ্ছে না। দুপুরের কড়া রোদে যখন রাস্তাঘাট কিছুটা ফাঁকা, তখন রিকশার হুডটিকেই ছাতা বানিয়ে সিটের উপর গুটিসুটি মেরে শুয়ে পড়েছেন এই চালক। ক্লান্তি এতটাই বেশি যে, রিকশার হাতলে পা তুলে দিয়েই গভীর ঘুমে আচ্ছন্ন তিনি। এই এক চিলতে রিকশার সিটই যেন এখন তার জন্য বিশ্বের সবচেয়ে আরামদায়ক বিছানা।

এক বোতল প্রশান্তি
রোদে পোড়া মুখে যখন তৃষ্ণায় ছাতি ফেটে যাওয়ার উপক্রম, তখন এক বোতল সাধারণ পানি হয়ে ওঠে পরম আকাঙ্ক্ষিত। এই এক বোতল পানিই পারে তাকে আবার পরবর্তী ট্রিপের জন্য শক্তি জোগাবে।


আগুনের মাঝেও জীবন সচল
তীব্র তাপপ্রবাহের মাঝেও থেমে নেই জীবন। রিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় আছেন এক চালক। তার সামনে দিয়েই হেঁটে যাচ্ছে স্কুল ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা। গরমে যখন অস্থির সবাই, তখন এই চালক হয়তো মনে মনে ভাবছেন, আরেকটা ট্রিপ পেলেই আজকের চাল-ডালের টাকাটা জোগাড় হবে। গরম যতই হোক, প্যাডেল ঘুরতেই হবে।

আগুনের মাঝেও এক ফালি শীতলতা
তীব্র গরমে যখন মগজ গলে যাওয়ার অবস্থা, তখন একটু শীতলতা পেতে মরিয়া এই যুবক। পানি ঢেলে এভাবেই নিজের শরীর ও মনকে ঠান্ডা করার চেষ্টা করছেন। পানির ঝাপটায় চোখ বুজে আসা এই মুহূর্তটি যেন রাজপথের চরম বাস্তবতার এক সতেজ প্রতিচ্ছবি।

ক্লান্তি মাখা দুপুর
শরীরের সবটুকু শক্তি যেন শুষে নিয়েছে বৈশাখের সূর্য। হুডের নিচে সামান্য ছায়ায় বসে এভাবেই ঘুমের কোলে ঢলে পড়েছেন আরেক চালক। তার সামনেই খালি পড়ে আছে যাত্রীর আসন। ক্লান্তি মাখা মুখ অবলীলায় বলে দিচ্ছে, এই তীব্র গরমে বেঁচে থাকার লড়াই কতটা কঠিন।
ভিজুয়াল স্টোরি












































