
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই নৌপথে নতুন ও শক্তিশালী দূরপাল্লার সামুদ্রিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এই পরীক্ষা চালানো হয়। শনিবার (২৫ এপ্রিল) সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি নৌবাহিনীর কর্মকর্তাদের বরাতে ‘ইউএসএনআই নিউজ’ জানিয়েছে, মার্কিন নৌবাহিনী আকাশ থেকে নিক্ষেপযোগ্য এই অস্ত্রটির পরীক্ষা চালিয়েছে। এটি মূলত সমুদ্রের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা এবং গভীর সমুদ্রে মাইন স্থাপনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।
নেভাল এয়ার সিস্টেমস কমান্ড (এনএভিএআইআর) জানিয়েছে, এই সিস্টেমটির নাম দেওয়া হয়েছে ‘দূরপাল্লার জেডিএএম’ (জিবিইউ-৭৫)। এটি বিখ্যাত বোয়িং কোম্পানির তৈরি ‘যৌথ সরাসরি আক্রমণ যুদ্ধাস্ত্র’ বা জেডিএএম এর একটি অত্যাধুনিক ও সম্প্রসারিত সংস্করণ।

পরীক্ষামূলক উড্ডয়নকালে দেখা গেছে, অস্ত্রটি ২০০ নটিক্যাল মাইলেরও বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়েছে। সামরিক কর্মকর্তাদের ধারণা, এর সর্বোচ্চ পাল্লা প্রায় ৩০০ নটিক্যাল মাইল পর্যন্ত হতে পারে।
নতুন এই সিস্টেমটি যুক্তরাষ্ট্রের বর্তমান অস্ত্রাগারে থাকা হারপুন এবং এসএলএএম-ইআর ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কারণ ওই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা মাত্র ১৪০ থেকে ১৫০ নটিক্যাল মাইলের মধ্যে সীমাবদ্ধ। ফলে এই নতুন অস্ত্রটি মার্কিন নৌবাহিনীকে অনেক নিরাপদ দূরত্ব থেকে শত্রুপক্ষের ওপর আঘাত হানার সক্ষমতা দেবে।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং হরমুজ প্রণালিতে উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী অস্ত্রের সফল পরীক্ষা সামরিক ও কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।








































