সোমবার । এপ্রিল ২৭, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৭ এপ্রিল ২০২৬, ৯:০০ পূর্বাহ্ন
শেয়ার

রাশিয়ায় পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী


putin-araghchi

ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ইরনা’।

মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাতে জানা গেছে, এই হাই-প্রোফাইল বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও উপস্থিত থাকবেন। আলোচনায় মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে চলমান কূটনৈতিক প্রচেষ্টা এবং সম্ভাব্য যুদ্ধবিরতির পথ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এছাড়া সফরে হরমুজ প্রণালী ইস্যুটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সম্ভাব্য অবরোধের প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে ইরান স্পষ্ট জানিয়েছে, তারা এই কৌশলগত জলপথে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখবে। আরাগচি উল্লেখ করেছেন, এই পথটি নিরাপদ রাখার স্বার্থে অংশীদার দেশগুলোর সঙ্গে আলোচনা প্রয়োজন।

বিশ্লেষকদের মতে, আরাগচির এই ঘন ঘন সফর প্রমাণ করে যে ইরান বর্তমানে অত্যন্ত সক্রিয় কূটনীতি চালিয়ে যাচ্ছে। যেকোনো বড় ধরনের আলোচনার আগে নিজেদের পক্ষে একটি শক্তিশালী অবস্থান ও অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যেই এই সফরগুলো পরিচালিত হচ্ছে।

এর আগে রোববার পাকিস্তান সফর শেষ করে রাশিয়ার উদ্দেশে রওনা দেন আব্বাস আরাগচি। মাত্র দুই দিনের ব্যবধানে এটি ছিল তাঁর দ্বিতীয় পাকিস্তান সফর। সেখানে পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেও কোনো মার্কিন প্রতিনিধির সঙ্গে তাঁর সরাসরি আলোচনার খবর পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল