সোমবার । এপ্রিল ২৭, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৭ এপ্রিল ২০২৬, ৮:৪৮ পূর্বাহ্ন
শেয়ার

লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৪


lebanon

ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর চালানো ভয়াবহ বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) এই রক্তক্ষয়ী হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩৭ জন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুই নারী এবং দুই শিশু রয়েছে। গত কয়েকদিন ধরে চলা পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে বিরাজমান যুদ্ধবিরতি চুক্তিটি এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। একই দিনে দক্ষিণ লেবাননে যুদ্ধ চলাকালীন নিজেদের এক সেনার নিহতের খবর নিশ্চিত করেছে তেল আবিব।

এই হামলার পক্ষে সাফাই গেয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যেকোনো ‘পরিকল্পিত বা আসন্ন’ হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার ইসরায়েলের রয়েছে। তিনি আরও স্পষ্ট করে বলেন, “আমাদের এই অভিযানের অর্থ শুধু হামলার জবাব দেওয়া নয়, বরং যেকোনো তাৎক্ষণিক বা উদীয়মান হুমকি নস্যাৎ করার ক্ষেত্রেও আমরা পূর্ণ স্বাধীনতা বজায় রাখব।”

হামলার পরপরই ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের সাতটি শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। হিজবুল্লাহর সাথে চলমান উত্তেজনার জেরে এই অভিযান চালানো হচ্ছে বলে দাবি ইসরায়েলের। তবে বেসামরিক এলাকায় এই প্রাণহানি এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশে পুরো অঞ্চলে নতুন করে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধবিরতির মাঝেও গত কয়েকদিনের পাল্টাপাল্টি হামলায় দুই দেশের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বেসামরিক এলাকায় এই প্রাণহানি এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ পুরো শান্তি প্রক্রিয়াকে গভীর সংকটের মুখে ফেলেছে।