মঙ্গলবার । এপ্রিল ২৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৮ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শেয়ার

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ১৪


ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ১৪

জাকার্তায় দুটি ট্রেনের সংঘর্ষ

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দুটি ট্রেন সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮৪ জন আহত হয়েছেন।

দেশটির রেল অপারেটরের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে ।

সোমবার (২৭ এপ্রিল) রাতে জাকার্তার পার্শ্ববর্তী বেকাসি শহরে একটি কমিউটার ট্রেন ও দীর্ঘপথের ট্রেনের মধ্যে এই সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর থেকে ধ্বংসস্তূপে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাইফি বলেন, ধ্বংসাবশেষে আটকে পড়াদের উদ্ধার করা অত্যন্ত জটিল ও সংবেদনশীল প্রক্রিয়া। কিছু যাত্রী এখনো জীবিত থাকতে পারেন এবং তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে, তবে তারা ট্রেনের ভেতরে আটকে আছেন।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্টেশনটিতে একটি কমিউটার ট্রেন আগে থেকেই দাঁড়িয়ে ছিল। একই লাইনে পেছন থেকে আরেকটি ট্রেন আসলে সেটি কমিউটার ট্রেনটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় নারীদের জন্য নির্ধারিত একটি কোচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং রেল নিরাপত্তা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

দেশটিতে রেল দুর্ঘটনা নতুন নয়। এর আগেও, ২০২৪ সালে পশ্চিম জাভায় একটি ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছিলেন।