
ফাইল ছবি
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আদামাওয়া রাজ্যে রাতের আঁধারে ঘুমন্ত গ্রামবাসীর ওপর ভয়াবহ হামলা চালিয়েছে জঙ্গিরা। এই নৃশংস ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাজ্য সরকার ও আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
রোববার রাতে রাজ্যের গুইয়াকু গ্রামে সশস্ত্র জঙ্গিরা কয়েকটি দলে বিভক্ত হয়ে অতর্কিত হামলা চালায়। সরকারি সূত্র জানায়, গ্রামবাসীরা যখন ঘুমে ছিলেন, তখন জঙ্গিরা গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই ২৯ জনের মৃত্যু হয়। হামলার পর জঙ্গিরা বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এই বর্বরোচিত হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএসআইএস। টেলিগ্রামে পাঠানো এক বার্তায় তারা এই হামলার কথা জানিয়েছে।

সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন আদামাওয়া রাজ্যের গভর্নর আহমাদু উমারু ফিনত্রী। তিনি এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
একই দিনে দেশটির কোগি রাজ্যের লোকোজায় আরেকটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। সেখানে একটি এতিমখানায় হামলা চালিয়ে ২৩ জন কিশোরকে অপহরণ করে সশস্ত্র দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, তারা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১৫ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও বাকিদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। তবে এই অপহরণের ঘটনায় এখনো কোনো পক্ষ দায় স্বীকার করেনি।










































