
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভুরুঙ্গামারীর আসাদমোড় উত্তর তিলাই এলাকার মোছা. ছাদিয়া (৮), নুরনবী (২৮) এবং মাইক্রোবাস চালক লিমন (২৮)।
আহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন হামিদুল ইসলাম, শান্তা, সমের আলী ও মোছা. জবা। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ডাক্তার দেখিয়ে যাত্রীরা মাইক্রোবাসে করে ভুরুঙ্গামারীর দিকে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন শিশু রয়েছে। আহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।









































