
বৈঠকে ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন
গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে বিভাগীয় পর্যায়ে ধারাবাহিক সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৬ মে রাজশাহী, ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
নেতারা জানান, এসব সমাবেশের মাধ্যমে সরকারের ওপর গণদাবি আদায়ের চাপ সৃষ্টি করা হবে। এছাড়া অক্টোবর মাসে ঢাকাতে ১১ দলীয় জোটের একটি মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে ওই মহাসমাবেশের নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে।

বৈঠকে বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে নেতারা বলেন, জনগণের ভোটের রায় বাস্তবায়ন ও চলমান জনদুর্ভোগ নিরসনে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।









































