
চট্টগ্রামে ফোম কারখানায় ভয়াবহ আগুন। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ এলাকায় একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুম জানায়, বিকেল ৪টা ২০ মিনিটে আকবর শাহ এলাকার ওই ফোম কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি এবং বন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।
ফোম কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন আশপাশে ছড়াতে পারেনি। প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এখন ডাম্পিংয়ের কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত করা হবে এবং এরপরই বিস্তারিত জানানো সম্ভব হবে।








































