রবিবার । মে ৩, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৩ মে ২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ন
শেয়ার

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা শান্তি পরিকল্পনা দিল তেহরান


Khameni-Tehran

তেহরানে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবিযুক্ত বিলবোর্ড। ছবি: রয়টার্স

যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক উদ্যোগে এগিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা পেশ করেছে তেহরান, যার লক্ষ্য সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধান নিশ্চিত করা। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ রোববার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এর আগে ওয়াশিংটন ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। তারই পাল্টা হিসেবে নতুন এই ১৪ দফা পরিকল্পনা তুলে ধরেছে তেহরান। পুরো কূটনৈতিক প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে পাকিস্তান সরকারের মধ্যস্থতায়।

তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানই তাদের লক্ষ্য। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা যুক্তরাষ্ট্রের তারা কূটনীতির পথে এগোবে, নাকি সংঘাত অব্যাহত রাখবে।

তাসনিমের তথ্য অনুযায়ী, আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র দুই মাসের সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান সেটি প্রত্যাখ্যান করে জানায়, সব সমস্যার সমাধান ৩০ দিনের মধ্যেই সম্পন্ন করতে হবে।

ইরানের প্রস্তাবিত পরিকল্পনায় বেশ কিছু কঠোর শর্ত রয়েছে। এর মধ্যে রয়েছে— ভবিষ্যতে কোনো সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, সীমান্তবর্তী এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ প্রত্যাহার, বিদেশে জব্দ সম্পদ ফেরত দেওয়া এবং লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করা।

সূত্র: আল–জাজিরা