সোমবার । মে ৪, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ৪ মে ২০২৬, ৭:২৩ পূর্বাহ্ন
শেয়ার

সৌদি আরবে এক সপ্তাহে ১১ হাজার প্রবাসী গ্রেপ্তার


saudi-arrest

ফাইল ছবি

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের বিরুদ্ধে চালানো সাঁড়াশি অভিযানে এক সপ্তাহের ব্যবধানে ১১ হাজার ৩০০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ১৪ হাজার ৮৫৫ জনকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৬ হাজার ২৪৪ জন রেসিডেন্সি বা আবাসন আইন লঙ্ঘন করেছেন। এছাড়া সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৪৩ জন এবং শ্রম আইন অমান্য করায় ১ হাজার ৫১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালীন সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ৩৩০ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধ প্রবাসীদের আশ্রয় দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি বা যাতায়াতে সহায়তা করার অভিযোগে ১৪ জন দালালকেও গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

বর্তমানে দেশটিতে প্রায় ২৯ হাজার ৯১৩ জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ১৮ হাজার ৬০১ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাসে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে এবং ৪ হাজার ৩৩৭ জনকে টিকিট সংরক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

সবশেষে গত এক সপ্তাহে সব আইনি ধাপ পেরিয়ে মোট ১৪ হাজার ৮৫৫ জনকে নিজ দেশে পাঠিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদিতে অবৈধভাবে বসবাস ও অনুপ্রবেশের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।