
মিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
বাংলাদেশের চিংড়ি খাতকে পুনরুজ্জীবিত করতে এবং রপ্তানি আয় বিলিয়ন ডলারের পর্যায়ে নিয়ে যেতে একটি বিশেষ ‘শ্রিম্প ইকোনমিক জোন’ প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। আজ সোমবার (৪ মে ২০২৬) বিডার সম্মেলন কক্ষে মহেশখালী ইনটিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা) আয়োজিত এক অংশীজন সভায় এই গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
বাংলাদেশের মৎস্য খাতের মধ্যে চিংড়ি প্রধান রপ্তানি আয়ের উৎস। ২০২৪–২৫ অর্থবছরে হিমায়িত মাছ ও চিংড়ি খাতের মোট আয়ের প্রায় ৭৬ শতাংশই এসেছে চিংড়ি থেকে। এ সময়ে চিংড়ি রপ্তানি ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৯৬.২৯ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
মিডার নির্বাহী সদস্য তানজিম ফারুক জানান, প্রচলিত পদ্ধতির বদলে নিয়ন্ত্রিত ইনডোর স্মার্ট ফার্মিং এবং ভ্যালু অ্যাডেড পণ্যের মাধ্যমে প্রতি কেজি চিংড়ি থেকে আয় পাঁচ গুণ বা তারও বেশি বাড়ানো সম্ভব।
সভায় একটি সুনির্দিষ্ট শ্রিম্প ইকোনমিক জোন প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয় যেখানে কঠোর বায়োসিকিউরিটি নিয়ন্ত্রণের অধীনে হ্যাচারি, ফিড মিল, ল্যাবরেটরি ও ফার্ম একসাথে থাকবে। এই জোনে নিয়ন্ত্রিত ‘ভ্যানামেই’ (হোয়াইট লেগ) চিংড়ি চাষের অনুমতি দেওয়ার পাশাপাশি ইইউ ও যুক্তরাষ্ট্রের মান অনুসরণ করে পূর্ণ ই-ট্রেসেবিলিটি নিশ্চিত করা হবে।
লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৮৫ শতাংশের বেশি সারভাইভাল রেট এবং বছরে তিনবার উৎপাদন নিশ্চিত করা। প্রস্তাবিত স্থানে খুলনা, মহেশখালী, কক্সবাজার ও সাতক্ষীরার নাম আলোচনায় এসেছে।
এই পরিকল্পনা বাস্তবায়নে বিডা (BIDA) বিনিয়োগ প্রচার ও সহায়তায় নেতৃত্ব দেবে, বেজা (BEZA) জোনটির দায়িত্ব পালন করবে এবং মিডা (MIDA) প্রয়োজনীয় নীতিগত সমন্বয় নিশ্চিত করবে।
মিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, সরকার বেসরকারি খাতের প্রয়োজনগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সুপারিশমালার মাধ্যমে চিংড়ি রপ্তানিকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, বিএফআরআই (BFRI) এবং বেসরকারি খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা অংশগ্রহণ করেন। প্রস্তাবনাটি চূড়ান্ত করতে মিডা ও বিডা শীঘ্রই আরেকটি ওয়ার্কিং গ্রুপ মিটিং আয়োজন করবে।
এর আগে গত ১ এপ্রিল ২০২৬ তারিখেও বিএফএফইএ (BFFEA)-এর সাথে এই বিষয়ে একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।











































