
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা
ভারতের দিল্লিতে একটি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই মৃত্যুর ভুয়া গুজবের শিকার হয়েছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। সোমবার সন্ধ্যায় ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে চরম উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়।
তবে দ্রুতই এই সংবাদকে ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়ে নিজের সুস্থতার কথা নিশ্চিত করেছেন এই শিল্পী।
গুজব ছড়িয়ে পড়ার পর নিজের ফেসবুক স্ট্যাটাসে রুনা লায়লা লিখেন, “আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়াচ্ছে কিন্তু আমি স্পষ্ট করে জানাতে চাই যে আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি। সবাইকে অনুরোধ করছি, কোনো পোস্ট শেয়ার করার আগে তথ্য যাচাই করুন। এ ধরনের গুজব আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক।”
তিনি জানান, ভুয়া খবরটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচিত ও শুভাকাঙ্ক্ষীরা একের পর এক ফোন ও বার্তা পাঠাতে শুরু করেন। এতে তিনি যেমন বিস্মিত হয়েছেন, তেমনি ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।
রুনা লায়লা বলেন, “হঠাৎ করে বিভিন্ন দেশ থেকে পরিচিতজনদের ফোন আসছে। সবাই জানতে চাইছেন আমি ঠিক আছি কি না। এটা সত্যিই অবাক করার মতো বিষয়।”
এ ধরনের সংবেদনশীল বিষয়ে গুজব ছড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করে কিংবদন্তি এই শিল্পী বলেন, এসব গুজব শুধু শিল্পী নয়, তার পরিবারকেও মানসিকভাবে প্রচণ্ড কষ্ট দেয়। এই ন্যাক্কারজনক ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন এবং তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি বলে মনে করেন।
ভক্তদের দুশ্চিন্তা না করার অনুরোধ জানিয়ে তিনি আবারও নিশ্চিত করেছেন যে, তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।











































