রবিবার । মে ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১০ মে ২০২৬, ৭:২১ অপরাহ্ন
শেয়ার

বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা


Barishal-University

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবারও অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে আগামী ১১ মে থেকে পূর্ণাঙ্গ শাটডাউনের কর্মসূচি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রবিবার শিক্ষক সমাজের ব্যানারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

শিক্ষকদের পদোন্নতির দাবিতে গত ২০ এপ্রিল থেকে টানা ১০ দিনের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরে বিভাগীয় কমিশনার, উপাচার্য ও বিভিন্ন অনুষদের ডিনদের অংশগ্রহণে ৩০ এপ্রিল অনুষ্ঠিত বৈঠকে সংকট সমাধানের আশ্বাসে আন্দোলন শিথিল করা হয়।

তবে শিক্ষক সমাজের অভিযোগ, বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং উপাচার্য একক সিদ্ধান্ত গ্রহণ করছেন এবং সাম্প্রতিক সিন্ডিকেট সভায় সদস্যদের মতামতও উপেক্ষা করা হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষকদের সাধারণ সভা থেকে উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ এবং প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকদের পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন কর্মসূচির ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। তারা আশঙ্কা করছেন, দীর্ঘমেয়াদি শাটডাউনে সেশনজট আরও বাড়তে পারে।