
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি অবৈধ স্বর্ণখনিতে ভূমিধসের ঘটনায় অন্তত নয়জন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার দেশটির স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, পশ্চিম সুমাত্রার সিজুঞ্জুং জেলায় অবস্থিত খনিটির পাশের একটি পাহাড় বৃহস্পতিবার হঠাৎ ধসে পড়ে। সে সময় শ্রমিকরা প্রায় তিন মিটার গভীরে কাজ করছিলেন। আকস্মিক এ ধসে তারা মাটিচাপা পড়েন।
পশ্চিম সুমাত্রা পুলিশের মুখপাত্র সুস্মেলাবতি রোসা জানান, ঘটনাস্থলটি একটি অবৈধ স্বর্ণখনি ছিল। ধসের ঘটনায় নয়জন শ্রমিক নিহত হলেও তিনজন জীবিত বেরিয়ে আসতে সক্ষম হন।
দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে নিখোঁজ সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে খনিটি বন্ধ ঘোষণা করে পুলিশি নিরাপত্তার আওতায় রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
খনিজসম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ায় অনুমোদনহীন খনিতে ঝুঁকি নিয়ে কাজ করা সাধারণ ঘটনা। বিশেষ করে পরিত্যক্ত খনিগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই স্থানীয়রা সোনার আকরিক সংগ্রহ করেন। বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে অতিবৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় দেশটিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে পরিবেশবাদী সংগঠন ‘ওয়ালহি। সংগঠনটির দাবি, ২০১২ সাল থেকে শুধু পশ্চিম সুমাত্রাতেই অবৈধ খনির দুর্ঘটনায় অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মতে, ঝুঁকিপূর্ণ ও পরিবেশবিধ্বংসী অবৈধ খনন কার্যক্রম নিয়ন্ত্রণে রাষ্ট্র কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।






































