শুক্রবার । মে ১৫, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ১৫ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শেয়ার

কান উৎসব অনেকের কাছে শুধু লাল গালিচার মোহ


Anurag Kashyap

ভারতীয় নির্মাতা অনুরাগ কাশ্যপ

ভারতের অনেক তারকা ও নির্মাতার কাছে কান চলচ্চিত্র উৎসব এখন শুধু লাল গালিচায় হাঁটার জায়গা হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন নির্মাতা অনুরাগ কাশ্যপ। তার মতে, উৎসবের মূল উদ্দেশ্য—সিনেমা—অনেকেই তা ভুলে গেছেন।

সম্প্রতি চলচ্চিত্র সমালোচক সুচরিতা ত্যাগীর সঙ্গে এক আলাপচারিতায় অনুরাগ বলেন, ‘ভারতে কান নিয়ে মানুষের সবচেয়ে বড় আগ্রহ এখন রেড কার্পেটে হাঁটা। কিন্তু অনেকে বোঝেন না, এটি শুধু ফ্যাশনের জায়গা নয়; এটি মূলত সিনেমার উৎসব।’

তিনি আরও বলেন, কান উৎসবে তিনি নিজে চুপচাপ পাশ দিয়ে ঢুকে যান, লাল গালিচায় দাঁড়িয়ে ছবি তোলার দিকে তার আগ্রহ নেই। অনুরাগের ভাষায়, ‘রেড কার্পেট কান উৎসবের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অংশ। এখানে আসল বিষয় হচ্ছে সিনেমা।’

ভারতীয় তারকা ও প্রযোজকদের সমালোচনা করে তিনি বলেন, অনেকেই কান মার্কেটে এলেও সিনেমা দেখেন না। তার মতে, ভারতে চলচ্চিত্র উৎসব নিয়ে ভুল ধারণা রয়েছে এবং অনেক প্রযোজক আন্তর্জাতিক উৎসবকে ভয় পান। ফলে সময়মতো সিনেমা জমা দিতে না পারায় ভালো সুযোগ হাতছাড়া হয়।

এবারের কান উৎসবে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে জায়গা পেয়েছে মাত্র দুটি সিনেমা—স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শ্যাডোজ অব দ্য মুনলেস নাইট এবং পুনরুদ্ধার করা চলচ্চিত্র আম্মা আরিয়ান।