শনিবার । মে ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শেয়ার

দুই মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’ দেওয়া হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী


ariful-haque

প্রবাসী মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সংগৃহীত ছবি

প্রবাসীদের কল্যাণে বিশেষ সুযোগ-সুবিধা সম্বলিত ‘প্রবাসী কার্ড’ আগামী দুই মাসের মধ্যে প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ শনিবার (১৬ মে) বিকেলে সিলেটের একটি অভিজাত হোটেলে ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সিলেটের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে মন্ত্রী বলেন, প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ করতে সরকার বিশেষ আবাসন প্রকল্প হাতে নিচ্ছে। দেশের সীমিত জমির কারণে প্লটভিত্তিক প্রকল্পের বদলে অ্যাপার্টমেন্টভিত্তিক আধুনিক আবাসন গড়ে তোলা হবে। প্রবাসীদের জন্য এই বিশেষ প্রকল্প সিলেট থেকেই শুরু হতে পারে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এ ছাড়া ইমিগ্রেশন এলাকায় ডাক্তার, নার্স ও মেডিকেল সুবিধাসহ একটি স্থায়ী মেডিকেল ইউনিট চালুর কাজ চলছে।

তিনি আরও জানান, গুরুতর অসুস্থ প্রবাসীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য বিমানবন্দরে স্থায়ী অ্যাম্বুলেন্স রাখা হবে। একই সঙ্গে বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে এনে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও চালু করা হয়েছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী।