
ছবিতে শাকিব খানের সঙ্গে তানজিয়া মিথিলা।
ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত আসন্ন ঈদের সিনেমা ‘রকস্টার’–এর দ্বিতীয় টিজার প্রকাশ পেয়েছে। বুধবার সন্ধ্যায় প্রকাশিত টিজারটিতে শাকিব খানের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন নবাগত অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।
সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির টিজার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন শাকিব খান। রহস্যময় একটি বার্তায় তিনি লেখেন, “আগুন যত উজ্জ্বল হয়, তার অন্ধকারটাও তত গভীর হয়”, পাশাপাশি ভালোবাসার ইঙ্গিতপূর্ণ আরও একটি বার্তাও দেন।
প্রকাশিত টিজারে মিথিলার রহস্যঘেরা উপস্থিতি, নীরব অভিব্যক্তি এবং শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্য দর্শকদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার স্ক্রিন প্রেজেন্স ও লুকের প্রশংসা করে বলছেন, সিনেমাটিতে তার চরিত্রই হতে পারে বড় চমক।

বাংলাদেশের মিস ইউনিভার্স খ্যাত মিথিলার জন্য এটি মূলধারার ঢালিউড সিনেমায় প্রথম কাজ। এর আগে তিনি বলিউডের রোহিঙ্গা সংকটভিত্তিক একটি সিনেমায় অভিনয় করেছিলেন। সেই অভিজ্ঞতার পর এবার দেশের বড় পর্দায় তার অভিষেক ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় আরও অভিনয় করেছেন সাবিলা নূর ও সুনিধি নায়েক। আগামী ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।















































