বৃহস্পতিবার । মে ২১, ২০২৬
বিনোদন ডেস্ক বিনোদন ২১ মে ২০২৬, ৬:২৪ পূর্বাহ্ন
শেয়ার

মারা গেছেন অভিনেতা দিলু মজুমদার


ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের নাট্যাঙ্গনের সুপরিচিত মুখ, আরণ্যক নাট্যদলের সিনিয়র অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার (২০ মে) রাত আনুমানিক ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ ও টেলিভিশনের অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন দিলু মজুমদার। অভিনয়ের প্রতি গভীর নিষ্ঠা, একাগ্রতা ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে দর্শকদের হৃদয়ে তিনি নিজের একটি আলাদা পরিচিতি তৈরি করেছিলেন।

বিশেষ করে নাট্যদল ‘আরণ্যক’-এর বিভিন্ন কালজয়ী ও আলোচিত প্রযোজনায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি দেশের নাট্যচর্চা এবং সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন।

গুণী এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে দেশের নাট্যাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার দীর্ঘদিনের সহশিল্পী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন। অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকেও এই জ্যেষ্ঠ অভিনেতার প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয়েছে।