সোমবার । মে ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৫ মে ২০২৬, ৭:২১ পূর্বাহ্ন
শেয়ার

এআই দিয়ে তৈরি নগ্ন ছবি ভাইরাল, সাইবার ক্রাইমে অভিনেত্রীর অভিযোগ


Rumkini-Bashanta

অভিনেত্রী রুক্মিণী বসন্ত

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রুক্মিণী বসন্তকে ঘিরে সামাজিকমাধ্যমে সম্প্রতি তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অনলাইনে ভাইরাল হওয়া একটি কথিত ‘বিকিনি ফটোশুট’ ভিডিও ও কয়েকটি নগ্ন ছবি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলেও পরে জানা যায়, সেগুলো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি ডিপফেক কনটেন্ট।

ভাইরাল ভিডিওতে সবুজ বিকিনি পরা এক তরুণীকে সুইমিংপুলের পাশে ফটোশুট করতে দেখা যায়। অনেকেই সেটিকে রুক্মিণী বসন্তের নতুন ফটোশুট বলে দাবি করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেন। দ্রুত ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে পড়ে এবং দর্শকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

পরবর্তীতে ভিডিও ও ছবিগুলো বিশ্লেষণ করে প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, এগুলো সম্পূর্ণ এআই-জেনারেটেড ডিপফেক। ভিডিওর বিভিন্ন দৃশ্যে আলো, মুখের অভিব্যক্তি ও শরীরের নড়াচড়ায় অসামঞ্জস্য দেখা গেছে, যা সাধারণত কৃত্রিমভাবে তৈরি কনটেন্টে লক্ষ্য করা যায়। বাস্তবে এসব ছবি বা ভিডিওর সঙ্গে অভিনেত্রীর কোনো সম্পৃক্ততা নেই।

এ ঘটনায় বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে মুখ খুলেছেন রুক্মিণী বসন্ত। তিনি জানান, ইতোমধ্যে পুলিশের সাইবার ক্রাইম বিভাগে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্তের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, সামাজিকমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি স্পষ্ট করেছেন যে ভাইরাল হওয়া ছবিগুলো সম্পূর্ণ ভুয়া ও বিকৃত। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে সাধারণ নারীরাও বড় ধরনের সমস্যার মুখে পড়তে পারেন।

নিজের বিবৃতিতে রুক্মিণী এই ঘটনাকে ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। তার টিম বিষয়টি নজরদারিতে রেখেছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বর্তমানে ভারতীয় বিনোদন জগতে ডিপফেক প্রযুক্তি বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। জনপ্রিয় তারকাদের মুখ ব্যবহার করে ভুয়া ভিডিও ও ছবি তৈরি করে ছড়িয়ে দেওয়ার ঘটনা বাড়ছে। বিশেষ করে নারী শিল্পীরাই বেশি আক্রান্ত হচ্ছেন এ ধরনের প্রযুক্তিগত অপব্যবহারে।

উল্লেখ্য, ‘সাপতা সাগারাদাছে এল্লো’ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান রুক্মিণী বসন্ত। বর্তমানে তিনি ‘টক্সিক’ ও ‘ড্রাগন’সহ একাধিক বড় বাজেটের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস