
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর মহান আল্লাহর অপার অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের আশায় রাজধানীজুড়ে শুরু হয়েছে পশু কোরবানি। সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ত্যাগের মহিমায় কোরবানি দিতে ব্যস্ত সময় পার করছেন নগরবাসী।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় ঈদের প্রথম জামাত শেষ হওয়ার পরপরই ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নামে পশু জবাই শুরু করেন। পুরো নগরী জুড়েই এখন বিরাজ করছে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ।
সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, স্থানীয় যুবকেরা মিলে পশু জবাই ও চামড়া ছাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে সেখানে ভিড় জমিয়েছেন শিশুসহ নানা বয়সী মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, কোরবানি শুধু পশু জবাই করা নয়, এটি আমাদের ত্যাগের পরম শিক্ষা দেয়। প্রতিবছর পরিবারের সবাই মিলে একত্রিত হয়ে কোরবানি করার মাধ্যমে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় ও মজবুত হয়।
পশু কোরবানির এই আয়োজনে বড়দের পাশাপাশি শিশু-কিশোরদের মধ্যেও উৎসবের বিপুল উচ্ছ্বাস চোখে পড়ার মতো। নতুন রঙিন পোশাক পরে তারা কোরবানির পশুর মাংস কাটার দৃশ্য দেখছে এবং অনেককেই উৎসাহী হয়ে বড়দের টুকটাক কাজে সহায়তা করতেও দেখা গেছে। সব মিলিয়ে ত্যাগের আনন্দ আর উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠেছে রাজধানী।















































