বৃহস্পতিবার । মে ২৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৮ মে ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ন
শেয়ার

ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানায়


Viral Trump

পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য দেশজুড়ে ব্যাপক আলোচনায় থাকা অ্যালবিনো জাতের বিরল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে এবার আর কোরবানি দেওয়া হয়নি। ব্যতিক্রমী গঠন, রঙ ও চেহারার কারণে দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করা এই মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৮ মে) প্রাণিসম্পদ অধিদপ্তরের বিশেষ উদ্যোগে মহিষটিকে চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়।

সাধারণত মহিষের গায়ের রঙ কালো হলেও এই বিশেষ মহিষটির শরীরে রয়েছে সাদা ও হালকা বাদামি রঙের এক অপূর্ব মিশ্রণ। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এর মাথার সামনের অংশে রয়েছে ঢেউখেলানো গোলাপি আভাযুক্ত চুল। অনেকেই এই চুলের গঠনের সাথে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের আদলের মিল খুঁজে পান। আর সেই মিল থেকেই মহিষটির নাম দেওয়া হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।

অস্বাভাবিক রূপ আর এই অদ্ভুত নামের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। দেশীয় সংবাদমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও এটি ব্যাপক সাড়া ফেলে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ ও ‘দ্য ইনডিপেনডেন্ট’ এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সেও এই মহিষটিকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশে এ ধরনের অ্যালবিনো জাতের দ্বিতীয় কোনো মহিষ নেই— এমন বিরল তথ্যের বিষয়টি সরকারের নজরে এলে এটিকে কোরবানির হাট বা পরিকল্পনা থেকে সরিয়ে নেওয়ার বিশেষ উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে উপযুক্ত মূল্যের বিনিময়ে মালিকের কাছ থেকে মহিষটি সংগ্রহ করা হয়।

বর্তমানে মিরপুরের জাতীয় চিড়িয়াখানার একটি নির্ধারিত শেডে মহিষটিকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন থেকেই সাধারণ দর্শনার্থীদের পরিদর্শনের জন্য এই আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।