বৃহস্পতিবার । মে ২৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২৮ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শেয়ার

ইরানে নতুন মার্কিন হামলা, বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম


oil

ফাইল ছবি

ইরানের কৌশলগত বন্দরনগরী বান্দার আব্বাসের একটি সামরিক স্থাপনায় বৃহস্পতিবার ফের মার্কিন হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৮৩ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া ক্রুড অয়েলের দামও ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২২ ডলারে ওঠে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশে হুমকি সৃষ্টি করা ইরানের চারটি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। তবে এ ঘটনায় এখনো ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। খবর বিবিসির।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকা এবং দীর্ঘ তিন মাসের সংঘাত নিরসনে আলোচনা চলার মধ্যেই নতুন এই হামলার ঘটনা ঘটল। চলমান উত্তেজনার কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। বিশ্বের মোট তেল ও এলএনজির প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর ওপর হামলার হুমকি দিয়েছিল। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং জ্বালানি বাজারে অস্থিরতা বেড়ে চলেছে।