বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৪ জুন ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
শেয়ার

২৫ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে আমির খানের কালজয়ী ‘লগান’


Lagan

লগান

রূপালি পর্দার ইতিহাসের সেই অবিস্মরণীয় ‘ক্রিকেট ও কর’-এর মহাকাব্যিক লড়াই আবারও ফিরে আসছে বড় পর্দায়। মুক্তির আড়াই দশক পেরিয়েও যে সিনেমার আবেদন একবিন্দু কমেনি, সেই কালজয়ী ‘লগান’ ছবিটিকে প্রেক্ষাগৃহে পুনর্মুক্তির ঘোষণা দিয়েছে ‘আমির খান প্রোডাকশন্স’। আগামী ১২ থেকে ১৪ জুনের এক বিশেষ প্রদর্শনীতে দর্শকরা আবারও থিয়েটারে বসে উপভোগ করতে পারবেন ভুবন ও তার দলের সেই অসম্ভবকে সম্ভব করার গল্প।

এই পুনর্মুক্তিকে কেন্দ্র করে ইতিমধ্যেই অবমুক্ত করা হয়েছে ছবিটির একদম নতুন একটি ট্রেলার, যা মুহূর্তের মধ্যেই দর্শক হৃদয়ে দুই দশক আগের নস্ট্যালজিয়াকে জাগিয়ে তুলেছে। নতুনভাবে সাজানো এই ট্রেলারে ব্রিটিশ রাজত্বের অন্যায় করের বোঝা, খরা-পীড়িত গ্রামীণ ভারতের অসহায়ত্ব এবং তার বিপরীতে সাধারণ গ্রামবাসীদের ঘুরে দাঁড়ানোর মূল আবেগটি চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

সেই সাথে অস্কার মনোনীত এই ছবির আবহকে আরও একধাপ আবেগপূর্ণ করে তুলেছে এ আর রহমানের জাদুকরী সুরের সেই কালজয়ী সাউন্ডট্র্যাক, যা আজও শ্রোতাদের সমানভাবে আন্দোলিত করে।

১৮৯৩ সালের ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে নির্মিত এবং ২০০১ সালে মুক্তি পাওয়া এই মাস্টারপিসটির নির্দেশনায় ছিলেন আশুতোষ গোয়ারিকর। আমির খানের দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি গ্রেসি সিং, র‍্যাচেল শেলি ও রঘুবীর যাদবদের মতো একঝাঁক বলিষ্ঠ অভিনেতার মেলবন্ধন ছবিটিকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। ক্রিকেট নামক অচেনা এক খেলাকে হাতিয়ার করে একাত্মতা, আত্মবিশ্বাস ও সাহসের জোরে কীভাবে একটি পুরো গ্রাম ব্রিটিশদের দম্ভ গুঁড়িয়ে দিয়েছিল—তাই এই সিনেমার মূল প্রাণ।

আন্তর্জাতিক মহলে সাড়া জাগানো ‘লগান’ শুধু ৪৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আটটি সম্মাননাই ঘরে তোলেনি, বরং অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনীত হওয়া শেষ ভারতীয় সিনেমা হিসেবেও এক অনন্য ইতিহাস ধরে রেখেছে। দীর্ঘ ২৫ বছর পর রূপালি পর্দায় ভুবন বাহিনীর এই প্রত্যাবর্তনের খবরে পুরনো স্মৃতি আর নতুন প্রজন্মের কৌতূহল মিলিয়ে সিনেমা পাড়ায় এখন টানটান উত্তেজনা।