
ফাইল ছবি
ঢাকাসহ দেশের আটটি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (৫ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
এই ঝড়-বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, চলমান তাপপ্রবাহ আরও কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। এর পরের দুদিন সারা দেশে তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সারা দেশে আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টি এবং ভারী বর্ষণের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।













































