
বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে পাব, বার ও রেস্তোরাঁগুলোতে ব্যাপক কর্মী নিয়োগের কারণে মে মাসে দেশটিতে ১ লাখ ৭২ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো (বিএলএস) জানিয়েছে, নতুন চাকরির বেশিরভাগই সৃষ্টি হয়েছে অবকাশ ও আতিথেয়তা খাত, স্থানীয় সরকার এবং স্বাস্থ্যসেবা খাতে।
এই পরিসংখ্যান এমন সময় প্রকাশ করা হলো, যখন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজিত এবারের বিশ্বকাপের প্রস্তুতি চলছে।
বিএলএসের তথ্য অনুযায়ী, মে মাসে যুক্তরাষ্ট্রে অবকাশ ও আতিথেয়তা খাতে ৭০ হাজার নতুন চাকরি সৃষ্টি হয়েছে। আগের বছরে এ খাতে মাসিক গড় কর্মসংস্থান বৃদ্ধি ছিল মাত্র ১৪ হাজার।
এর মধ্যে শুধু খাবার ও পানীয় বিক্রয়সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোই ৪৮ হাজার নতুন কর্মসংস্থান তৈরি করেছে।
অর্থনীতিবিদরা যেখানে ১ লাখ ৫ হাজার নতুন চাকরির পূর্বাভাস দিয়েছিলেন, সেখানে বাস্তবে কর্মসংস্থান বেড়েছে ১ লাখ ৭২ হাজার। এছাড়া মার্চ ও এপ্রিল মাসের চাকরির হিসাবও সংশোধন করে আরও ৯৩ হাজার বাড়ানো হয়েছে।
তবে বিশ্বকাপকে ঘিরে নিয়োগ বাড়লেও পরবর্তীতে প্রত্যাশিত অর্থনৈতিক সুফল আসবে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে। কারণ দর্শকদের জন্য বিভিন্ন সেবার মূল্য অত্যন্ত বেশি।
হোটেল মালিকরা ধীরগতির বুকিং নিয়ে সতর্ক করেছেন। অন্যদিকে অনেক সমর্থক অভিযোগ করেছেন যে টিকিটের অতিরিক্ত দামের কারণে তারা বিশ্বকাপের খেলা দেখতে পারছেন না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্যারাগুয়-যুক্তরাষ্ট্রের ম্যাচের ১ হাজার ডলারের টিকিট মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন, ‘আমি হলেও এত টাকা দিয়ে টিকিট কিনতাম না।’
এদিকে ফিফার বিরুদ্ধে ‘কৃত্রিমভাবে মূল্য বাড়ানো’ এবং ‘সমর্থকদের বিভ্রান্ত করার’ অভিযোগ উঠেছে। এ বিষয়ে নিউইয়র্ক ও নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলরা তদন্ত শুরু করেছেন।
বাংলা টেলিগ্রাফ স্পোর্টস- বিটিএস










































