
ফাইল ছবি
দেড় বছরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৪ হাজার ৬০০ অবৈধ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভবে এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, দুই দেশের নিবিড় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এই বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে নিজ মাতৃভূমিতে প্রত্যাবাসন করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মোট ১ হাজার ৭৬ জন ভারতীয় নাগরিক ভারতে ফিরে এসেছেন। এর আগে বিগত ২০২৫ সাল জুড়ে মার্কিন প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ও বহিষ্কারের মাধ্যমে মোট ৩ হাজার ৫৬৭ জন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছিল।
বিশ্ব রাজনীতির মঞ্চে এবং খোদ যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি দীর্ঘদিন ধরেই প্রধান রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে এবং সীমান্ত সুরক্ষায় অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল। ট্রাম্প প্রশাসনের সেই জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া জোরদার করা হয়, যার বড় প্রভাব পড়েছে ভারতীয় নাগরিকদের ওপরও।
ভারত সরকারের নীতিগত অবস্থান স্পষ্ট করে মুখপাত্র জানান, কোনো দেশের নাগরিক বিদেশে অবৈধভাবে অবস্থান করলে তাকে নিজ দেশে ফেরত গ্রহণ করা সংশ্লিষ্ট দেশের দায়িত্বের মধ্যে পড়ে। তবে কাউকে আনুষ্ঠানিকভাবে ফেরত নেওয়ার আগে তার প্রকৃত নাগরিকত্ব নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আগে ভারতীয় পার্লামেন্টকেও (লোকসভা) অবহিত করেছিল যে, এটি শুধু ভারতের একক অবস্থান নয়; আন্তর্জাতিক পরিমণ্ডলেও এটি একটি সুপরিচিত, স্বীকৃত ও প্রচলিত নীতি।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মূলত অবৈধ উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ, ভিসার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরেও সেখানে অবস্থান করা কিংবা প্রয়োজনীয় ও বৈধ কাগজপত্র ছাড়া দীর্ঘদিন বসবাসের মতো অপরাধে যাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়, তাদের ফেরত আনার প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এই জটিল ও দীর্ঘ প্রত্যাবাসন প্রক্রিয়ায় ভারত ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রশাসন অত্যন্ত নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করছে বলে জানানো হয়েছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস












































