শনিবার । জুন ৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৬ জুন ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
শেয়ার

এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর


PM-Tareq-Rahman

সংগৃহীত ছবি

বাংলাদেশ–তুরস্ক সম্পর্ককে আরও উচ্চমাত্রায় নিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৬ জুন) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) সৌজন্য সাক্ষাৎ করতে আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ জানান বলে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাক্ষাতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট এরদোয়ানের শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। জবাবে তারেক রহমান বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণের জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে হাকান ফিদান বলেন, তার এই সফর বাংলাদেশ–তুরস্ক সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার একটি গুরুত্বপূর্ণ সূচনা। এ লক্ষ্যে দুই দেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বার্ষিক ফরেন অফিস কনসালটেশন আয়োজনের বিষয়ে একমত হয়েছে।

এছাড়া পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে প্রতিবছর ‘টু প্লাস টু’ (২+২) সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে একটি পরামর্শ কাঠামো গঠনের সিদ্ধান্ত হয়।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক দিক পর্যালোচনা করা হয়। বিশেষ করে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ, যৌথ উৎপাদন এবং আঞ্চলিক–আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সূত্র: বাসস