
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার মেলাকা রাজ্যে সড়ক পরিবহন বিভাগ (জেপিজে) পরিচালিত বিশেষ অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় প্রবাসীদের ব্যবহৃত ৪৯টি যানবাহন জব্দ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৯ জন প্রবাসী চালককে আটক করেছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজ্যের ক্লেবাং, কাম্পুং লিম্বোঙ্গান, মেরলিমো, জাসিন এবং মেলাকা সেন্ট্রালসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
মেলাকা জেপিজে’র পরিচালক সিতি জারিনা মোহদ ইউসোপ জানান, অভিযানে আটক ৪৯ জন চালকের মধ্যে ২২ জন রোহিঙ্গা, ১০ জন পাকিস্তানি, ৯ জন বাংলাদেশি, ৫ জন ইন্দোনেশীয়, ২ জন ভিয়েতনামি এবং ১ জন ভারতীয় নাগরিক রয়েছেন। জব্দকৃত যানবাহনের মধ্যে ৪৪টি মোটরসাইকেল এবং ৫টি গাড়ি রয়েছে।
অভিযানকালে মোট ১৪৭টি যানবাহন তল্লাশি করা হয়। এতে প্রধান তিনটি অসংগতি ধরা পড়ে— বৈধ ড্রাইভিং লাইসেন্সের অভাব, রোড ট্যাক্সের মেয়াদ শেষ হওয়া এবং ইন্সুরেন্স না থাকা। সড়ক পরিবহন আইন ১৯৮৭ (আইন ৩৩৩)-এর অধীনে এসব অপরাধে মোট ৯৮টি নোটিশ জারি করেছে কর্তৃপক্ষ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক প্রবাসীরা যেসব যানবাহন ব্যবহার করছিলেন, তার বেশিরভাগই স্থানীয় মালয়েশীয় নাগরিকদের মালিকানাধীন। অনেক চালক দাবি করেছেন যে, এসব গাড়ির মালিক তাদের নিয়োগকর্তা। তবে এই দাবির সত্যতা বর্তমানে খতিয়ে দেখছে পুলিশ।
এ বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়ে মেলাকা জেপিজে’র পরিচালক সিতি জারিনা মোহদ ইউসোপ বলেন, “যানবাহনের মালিকদের অবশ্যই তাদের গাড়ি ব্যবহারের ক্ষেত্রে পূর্ণ দায়িত্ব নিতে হবে। বৈধ লাইসেন্স ও কাগজপত্র ছাড়া প্রবাসীদের গাড়ি বা মোটরসাইকেল চালাতে দেওয়া একটি গুরুতর অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং মালিকদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
প্রবাসীদের সচেতন থাকার পাশাপাশি যানবাহন ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে মালয়েশীয় প্রশাসন।















































