বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১১ জুন ২০২৬, ৪:৫০ অপরাহ্ন
শেয়ার

বাজেট ২০২৬-২৭: যেসব পণ্যের দাম বাড়ছে


Budget

যেসব পণ্যের দাম বাড়ছে

বিলাসবহুল ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পণ্যে করের বোঝা বাড়িয়ে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বিশাল বাজেটে দেশীয় শিল্পের সুরক্ষা এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে বেশ কিছু পণ্যের ওপর শুল্ক ও ভ্যাট বৃদ্ধির প্রস্তাব আনা হয়েছে। ফলে সিগারেট, বিদেশি কাজুবাদাম, বিলাসবহুল গাড়ি ও হেলিকপ্টার ব্যবহারের খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে।

আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম এই ৫৫তম বাজেটটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি বর্তমান সরকারের এই মেয়াদের এবং নতুন অর্থমন্ত্রীর রাজনৈতিক ক্যারিয়ারের প্রথম বাজেট, যা চলতি অর্থবছরের বাজেটের চেয়ে ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।

নতুন কর ও শুল্ক কাঠামো অনুযায়ী, ধূমপায়ীদের খরচ এবার বেশ ভালোভাবেই বাড়ছে। সিগারেটের চারটি স্তরেই মূল্যবৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, নিম্নস্তরের ১০ শলাকা সিগারেটের দাম ৬২ টাকা, মধ্যম স্তরের ৯২ টাকা, উচ্চস্তরের ১৬০ টাকা এবং অতি-উচ্চ স্তরের মূল্য ২১০ টাকা নির্ধারিত হতে যাচ্ছে।

এছাড়া নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকোর মতো আধুনিক ধূমপানের বিকল্পগুলোর ওপরও উচ্চ হারে সম্পূরক শুল্ক ও স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বসানো হচ্ছে। স্বাস্থ্যঝুঁকি এড়ানোর পাশাপাশি দেশীয় অ্যালকোহল উৎপাদনেও প্রতি লিটারে ৫০০ টাকা সম্পূরক শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় চাষী ও প্রক্রিয়াজাতকরণ শিল্পকে সুরক্ষা দিতে বিদেশি কাজুবাদাম আমদানির শুল্ক বিদ্যমান ১ ও ৫ শতাংশ থেকে একলাফে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব আনা হয়েছে, যার ফলে বাজারে আমদানি করা কাজুবাদামের দাম উল্লেখযোগ্য হারে বাড়বে।

এছাড়া মৎস্য খামারিদের নিরুৎসাহিত করতে আমদানি করা পাঙাশ ফিশ ফিলেটের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক বসানো হচ্ছে। আবাসন ও নির্মাণ খাতের অতিপ্রয়োজনীয় উপাদান রড এবং ইস্পাতজাত কিছু পণ্যের ওপরও নির্দিষ্ট ভ্যাটের পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে।

বিলাসবহুল জীবনযাত্রার ওপর করের রাশ টেনে ধরতে পেট্রোল, অকটেন ও ডিজেলচালিত বড় গাড়ির সামগ্রিক করভার বাড়ানো হচ্ছে। বিশেষ করে মধ্যম সারির ১২০০ থেকে ১৬০০ সিসি ক্ষমতার বিলাসবহুল গাড়ির কর বৃদ্ধির পাশাপাশি অগ্রিম আয়কর দ্বিগুণ করার কড়া প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

শুধু গাড়িই নয়, উচ্চবিত্তদের ব্যবহৃত হেলিকপ্টারের ওপরও বার্ষিক অগ্রিম আয়কর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জুয়া বা লটারি থেকে অর্জিত আয়ের ওপর করের হার বিদ্যমান ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।