
তীব্র ভ্যাপসা গরমের অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে। তবে এই স্বস্তির সমান্তরালে দেশের একটি বড় অংশে ধেয়ে আসছে কালবৈশাখী হাওয়া। রাজধানী ঢাকাসহ দেশের ১৫টি জেলায় আজ সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আজ শনিবার (১৩ জুন ২০২৬) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে আবহাওয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী— রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
নদী ও নৌপথের নিরাপত্তা বিবেচনায় সতর্কতাস্বরূপ সংশ্লিষ্ট এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের সময় নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
দুপুর থেকেই রাজধানীর আকাশ মেঘে ঢাকা পড়ে এবং বিভিন্ন এলাকায় মেঘের তীব্র গর্জনের সাথে বৃষ্টি শুরু হয়। গত কয়েকদিনের ভ্যাপসা গরমে হাঁসফাঁস করতে থাকা নগরবাসীর জীবনে এই বৃষ্টি বড় এক স্বস্তি নিয়ে এসেছে। তবে দুপুরের এই আকস্মিক বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন রাস্তায় থাকা সাধারণ পথচারী এবং কর্মজীবী মানুষ।
ছাতা ছাড়া বাইরে বের হওয়া মানুষজন হুট করে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটোছুটি শুরু করেন। বৃষ্টির কারণে রাজধানীর কিছু কিছু এলাকায় যানবাহন সংকটের পাশাপাশি যানজট তৈরি হওয়ায় গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
















































