“আমি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে আসিনি, আমি এসেছি ব্রাজিলকে আবার টপ টিম হিসেবে প্রতিষ্ঠিত করতে।”
ভিনিসিয়ুস জুনিয়র
বলেছিলেন ভিনিসিয়ুস, ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগের রাতে।
কথাগুলো ছিল বিনয়ী, দলকেন্দ্রিক এবং দায়িত্ববোধে ভরা। কিন্তু মাঠের বাস্তবতা যেন সেই ঘোষণার চেয়েও বেশি নাটকীয় এক গল্প ।
নিউ জার্সি–নিউইয়র্ক স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিল শুরু থেকেই ছিল ছন্দহীন। ১–০ গোলে পিছিয়ে, মাঝমাঠে নিয়ন্ত্রণ হারিয়ে, এবং অস্বাভাবিকভাবে ভুল পাসের ভিড়ে তারা প্রায় অচেনা এক দলে পরিণত হয়। ঠিক তখনই আসে সেই মুহূর্ত—যা পুরো ম্যাচের ভাষা বদলে দেয়।
ব্রুনো গিমারাইশের পাস পেয়ে বাম দিক থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে কেটে ডান পায়ে এক বিধ্বংসী শট নেন ভিনিসিয়ুস। বলটি সরাসরি জালে গিয়ে আছড়ে পড়ে। এটি ছিল নিখাদ বিশ্বমানের এক মুহূর্ত- যেখানে ব্যক্তিগত প্রতিভা পুরো দলের সংকটকে এক মুহূর্তে পরিণত করলো স্বস্তির নিঃশ্বাসে। তিনি যেন আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্বফুটবলের সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগের একজন, ক্লাসিক ভিনিসিয়ুস: দ্রুত সিদ্ধান্ত, নিখুঁত টেকনিক, এবং নিষ্ঠুর কার্যকারিতা।
এই গোল ব্রাজিলকে ১–১ সমতায় ফিরিয়ে আনে এবং ১৯৩৪ সালের পর প্রথমবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হারের শঙ্কা থেকে বাঁচায়। কিন্তু বাঁচা আর আধিপত্য দেখানো এক জিনিস নয়। ম্যাচ শেষ হয় ড্রয়ে, আর প্রশ্নটা আরও বড় হয়ে ওঠে- এই ব্রাজিল কি সত্যিই প্রস্তুত?
সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালান শিয়ারার ম্যাচটিকে “ragged performance” হিসেবে বর্ণনা করেন। আর দক্ষিণ আমেরিকান ফুটবল বিশ্লেষক টিম ভিকেরি আরও স্পষ্টভাবে বলেন, “আদর্শভাবে দল তারকাকে তৈরি করে, এখানে তারকাই দলকে বাঁচাচ্ছে।”
এই মন্তব্যটাই পুরো সমস্যার কেন্দ্রবিন্দু। পজিশনাল প্লে ভেঙে পড়েছে, মিডফিল্ডে সংযোগ দুর্বল, আর ডিফেন্সে ছিল অস্থিরতা। মরক্কো বারবার ব্রাজিলকে চাপে ফেলেছে, যেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের খেলার ভাষাই তারা পড়ে ফেলেছে।
মাঝমাঠে ক্যাসেমিরো-এর বয়সজনিত ধীরতা স্পষ্ট হয়ে ওঠে, আর আক্রমণ ও রক্ষণ—দুই দিকেই ভারসাম্যের অভাব ব্রাজিলকে একধরনের “ ভগ্নছাড়া দলে”পরিণত করে। এমনকি কোচ আঞ্চেলোত্তির কৌশলগত সমন্বয়ও প্রথম ম্যাচে পুরোপুরি কার্যকর হয়নি। ডিফেন্সেও ভারসাম্যহীনতা ছিল, যেখানে রজের ইবানেজ দ্বিতীয়ার্ধে আর ফিরতে পারেননি। ফলে ম্যাচটি দাঁড়িয়ে যায় এক অস্বস্তিকর সমীকরণে—একদিকে সংগঠিত মরক্কো, অন্যদিকে ব্যক্তিনির্ভর ব্রাজিল।
সাবেক উরুগুয়ের মিডফিল্ডার গুস্তাভো পোয়েট বলেন, “আমরা ব্রাজিলের কাছ থেকে আরও বেশি আশা করেছিলাম। সহজ পাসও তারা ঠিকভাবে করতে পারেনি।” অন্যদিকে ভিকেরি যোগ করেন, এই অগোছালো অবস্থাতেও ব্রাজিল বিপজ্জনক থাকে, কারণ তাদের ব্যক্তিগত প্রতিভা যেকোনো মুহূর্তে ম্যাচ বদলে দিতে পারে।
ভিনিসিয়ুসের ক্ষেত্রে বিষয়টি আরও বড় হয়ে দাঁড়াচ্ছে। রিয়াল মাদ্রিদে যেমন তিনি বড় ম্যাচে জ্বলে ওঠেন, জাতীয় দলেও তিনি ধীরে ধীরে সেই কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠছেন। কিন্তু প্রশ্ন হলো—একজন খেলোয়াড়ের মুহূর্তের নৈপুণ্য কি পুরো দলের কাঠামোগত দুর্বলতাকে ঢেকে রাখতে পারে?
অনেকে মনে করেন, এখনো ব্রাজিল পুরোপুরি নিজেদের ছন্দ খুঁজে পায়নি। দলটি উইঙ্গারনির্ভর, মাঝমাঠে ভারসাম্যহীন এবং রক্ষণে অস্থির। এই অবস্থায় ভিনিসিয়ুসের মতো একক নৈপুণ্য ম্যাচ বাঁচাতে পারে, কিন্তু টুর্নামেন্ট জেতার নিশ্চয়তা দিতে পারে না। ফুটবল বিশ্লেষকরা এই বাস্তবতাকে আরও কঠোরভাবে ব্যাখ্যা করেছেন। তাদের মতে, ব্রাজিল এখন এমন এক অবস্থায় আছে যেখানে দল নয়, তারকারা ম্যাচ বাঁচাচ্ছে। আর সেটাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় ঝুঁকি।
তবু ভিনিসিয়ুস নিজে আত্মবিশ্বাসী। তিনি এই বিশ্বকাপকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখছেন এবং আঞ্চেলোত্তির ওপর আস্থা প্রকাশ করেছেন। তার লক্ষ্য পরিষ্কার—ব্রাজিলের ইতিহাস লিখতে ভূমিকা রাখা। মরক্কোর বিপক্ষে এই গোল তার মানসিক শক্তির পাথেয়। ক্লাব পর্যায়ে রিয়াল মাদ্রিদে যেমন তিনি বড় ম্যাচে জ্বলে ওঠেন, জাতীয় দলেও সেই ছাপ ধীরে ধীরে তৈরি হচ্ছে।
ম্যাচ শেষে এক জিনিস পরিষ্কার—ব্রাজিল এখনও টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি, কিন্তু তারা এখনই প্রশ্নের মুখে। সামনে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ আছে, যেখানে ঘুরে দাঁড়ানো জরুরি।
কারণ বিশ্বকাপ কোনো দৌড় নয়, এটি দীর্ঘ এক যাত্রা। আর সেই যাত্রায় প্রথম ধাক্কা যতো বড়ই হোক, শেষ পর্যন্ত টিকে থাকাই আসল পরীক্ষা।
ভিনিসিয়ুসের সেই মুহূর্তের শট হয়তো ব্রাজিলকে হার থেকে বাঁচিয়েছে, কিন্তু দল হিসেবে ব্রাজিলকে বাঁচাতে এখনও অনেক দূর পথ বাকি। বাস্তবতা কঠিন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এখনও সেই পুরনো স্বতঃস্ফূর্ত, ছন্দময় ফুটবল খুঁজছে, যা একসময় তাদের পরিচয় ছিল।
শেষ পর্যন্ত প্রশ্নটা থেকে যায়—ভিনিসিয়ুসের নৈপুণ্য কি ব্রাজিলকে এগিয়ে নিচ্ছে, নাকি তাদের গভীর কাঠামোগত সমস্যাগুলোকে সাময়িক প্রলেপ লাগিয়ে দিচ্ছে?
উত্তর হয়তো আসবে পরের ম্যাচগুলোতে। কিন্তু প্রথম ম্যাচের পর অন্তত একটি সত্য স্পষ্ট: ভিনিসিয়ুস ব্রাজিলকে বাঁচিয়েছেন, কিন্তু ব্রাজিল এখনও নিজেদের পুরোপুরি বাঁচাতে পারেনি।












































