
অনুশীলনে নেদারল্যান্ডস দল
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চতুর্থ দিনে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় দুটি ম্যাচ। তবে দিনের সবচেয়ে আলোচিত লড়াই হতে যাচ্ছে নেদারল্যান্ডস ও জাপানের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচ।
তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডস এবং এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপানের এই লড়াইকে টুর্নামেন্টের সবচেয়ে উপভোগ্য গ্রুপ ম্যাচগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে বিশ্বকাপের ইতিহাসেও লেখা হতে যাচ্ছে নতুন অধ্যায়। মাত্র দেড় লাখের কিছু বেশি জনসংখ্যার ক্যারিবীয় দ্বীপদেশ কুরাসাও প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নামছে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে অংশ নেওয়া কুরাসাও তাদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির।
জাপানের বিপক্ষে সতর্ক নেদারল্যান্ডস
১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালে বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি নেদারল্যান্ডস। এবার উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে ডাচরা।
দলের কোচ রোনাল্ড কোম্যান জানিয়েছেন, শিরোপা জয়ের স্বপ্ন থাকলেও তারা আপাতত জাপান ম্যাচেই মনোযোগ দিচ্ছেন তারা।
তার ভাষায়, ‘আমরা নিজেদের ওপর চাপ তৈরি করেছি, কারণ আমরা অনেক দূর যেতে চাই। তবে একবারে একটি ম্যাচ নিয়েই ভাবতে হবে। জাপানকে হারানো সহজ হবে না।’
ভার্জিল ফন ডাইক, মেমফিস ডিপাই, টিজানি রেইন্ডার্স ও কোডি গাকপোর মতো তারকাদের নিয়ে শক্তিশালী দল গড়েছে নেদারল্যান্ডস।
তবে জাপানও কোনোভাবেই হাল ছেড়ে দেওয়ার দল নয়। ২০২২ বিশ্বকাপে তারা জার্মানি ও স্পেনকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল। এবারও একই ধরনের অঘটনের আশা করছে সামুরাই ব্লুরা।
জাপান কোচ হাজিমে মোরিয়াসু বলেন, ‘এটি খুব কঠিন একটি গ্রুপ। নেদারল্যান্ডসের দলে বিশ্বের সেরা প্রতিভাদের অনেকেই আছে। তারপরও আমরা লড়াই করতে প্রস্তুত।’
পরিসংখ্যান কী বলছে?
অপ্টার সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, জাপানের বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ের সম্ভাবনা ৫০.২ শতাংশ। জাপানের সম্ভাবনা ২৪.৫ শতাংশ এবং ড্র হওয়ার সম্ভাবনা ২৫.২ শতাংশ।
বাংলাদেশ সময় আজ রাত ২ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপে নতুন ইতিহাস গড়তে চলেছে কুরাসাও
বিশ্বকাপে অভিষেক ঘটতে যাওয়া কুরাসাওর জন্য প্রথম ম্যাচই বড় পরীক্ষা। প্রতিপক্ষ জার্মানি, যারা চারবারের বিশ্বচ্যাম্পিয়ন।
তবে কুরাসাওর কোচ ডিক অ্যাডভোকাট আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু জার্মানির জন্য কঠিন প্রতিপক্ষ হব। আমাদের হারানোর কিছু নেই, বরং চমক দেখানোর সুযোগ আছে।’
৭৮ বছর বয়সী অ্যাডভোকাটও এই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন।
জার্মানিই স্পষ্ট ফেবারিট
অপ্টার হিসাব অনুযায়ী, কুরাসাওর বিপক্ষে জার্মানির জয়ের সম্ভাবনা ৯০.৭ শতাংশ। অন্যদিকে কুরাসাওর জয়ের সম্ভাবনা মাত্র ৩.৬ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ৫.৭ শতাংশ।
বাংলাদেশ সময় আজ রাত ১১ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।












































