
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশটির বিমানবাহিনীর একটি শক্তিশালী বি-৫২ (B-52) বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিশাল আকৃতির এই যুদ্ধবিমানটি আছড়ে পড়ে। বিমানঘাঁটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই ভয়াবহ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সোমবার বেলা ১১টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়, যা কয়েক মাইল দূর থেকেও স্পষ্টভাবে চোখে পড়ছিল। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
সাধারণত একটি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানে পাঁচজন ক্রু (কমান্ডার, পাইলট, রাডার নেভিগেটর, নেভিগেটর ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার কর্মকর্তা) থাকেন। তবে এই দুর্ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আকাশ থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার স্থান থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ১৯৫০-এর দশক থেকে এই বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানটি ব্যবহার করে আসছে। বিশাল আকৃতির কারণে সামরিক বাহিনীতে এর ডাকনাম ‘দ্য বাফ’ (BUFF), যা মূলত ‘বিগ আগলি ফ্যাট’-এর সংক্ষিপ্ত রূপ। দীর্ঘপাল্লার এই কৌশলগত বোমারু বিমানটি সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুদ্ধেও ব্যবহার করেছিল মার্কিন বাহিনী।
বি-৫২ বোমারু বিমানটি সর্বোচ্চ ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম এবং এটি প্রায় ৭০ হাজার পাউন্ড ওজনের সমরাস্ত্র বহন করতে পারে। এর মধ্যে কয়েক শ সাধারণ বোমা অথবা ৩২টি পারমাণবিক অস্ত্র-সংবলিত ক্রুজ ক্ষেপণাস্ত্র রাখার সুবিধা রয়েছে।
উড্ডয়নরত অবস্থায় আকাশেই জ্বালানি ভরার সুবিধা থাকায় এটি বিশ্বের যেকোনো প্রান্তে নিমেষেই হামলা চালাতে পারে। স্নায়ুযুদ্ধের সময় থেকেই যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি ‘নিউক্লিয়ার আমব্রেলা’ বা পারমাণবিক সুরক্ষা কবচ হিসেবে কাজ করে আসছে।
সূত্র: বিবিসি












































