মঙ্গলবার । জুন ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ জুন ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন
শেয়ার

নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় একই পরিবারের দগ্ধ চারজনেরই মৃত্যু


national-burn-institute

ফাইল ছবি

নারায়ণগঞ্জের মদনপুরে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ একই পরিবারের চারজনই মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (১৫ জুন) এক দিনেই তিনজনের মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার এই পরিবারের আরও একজন মারা যান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— আলী আহমেদ মান্নান (৫০), তাঁর স্ত্রী সুলতানা (৩৫), ছেলে মো. সায়েম (১৯) এবং মেয়ে মিম (১৩)। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ভোরে প্রথমে আলী আহমেদ মান্নান মারা যান। এরপর সকাল পৌনে ১০টায় ছেলে মো. সায়েম এবং সবশেষে রাত পৌনে ১১টায় মারা যায় মেয়ে মিম। এর আগে গত ১২ জুন (শুক্রবার) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলী আহমেদের স্ত্রী সুলতানা।

ডা. শাওন বিন রহমান জানান, গত ১১ জুন ভোরে নারায়ণগঞ্জের মদনপুরের একটি বাসায় আগুনের ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হন। ঘটনার দিন ভোরেই তাদের বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছিল। এদের মধ্যে হযরত আলী নামে এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও একই পরিবারের বাকি চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধ সবার অবস্থাই প্রথম থেকে অত্যন্ত সংকটাপন্ন ছিল। আগুনে সুলতানার শরীরের ৯০ শতাংশ, সায়েমের ৭৭ শতাংশ, মিমির ৪১ শতাংশ এবং আলী আহমেদ মান্নানের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। নিবিড় পর্যবেক্ষণে রেখেও শেষ পর্যন্ত কাউকে বাঁচানো সম্ভব হয়নি। এক সপ্তাহের ব্যবধানে পুরো পরিবারটি এভাবে শেষ হয়ে যাওয়ায় তাদের গ্রামের বাড়ি নেত্রকোনায় এখন গভীর শোকের ছায়া নেমে এসেছে।