
ফাইল ছবি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ বুধবার (১৭ জুন) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক বিশেষ প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই বদলির আদেশ আগামী ১ জুলাইয়ের মধ্যে আবশ্যিকভাবে কার্যকর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আগামী ২ জুলাই থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৬ জন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে শরীয়তপুরের মো. তানভীর হোসেনকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি), বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিপন চন্দ্র সরকারকে খুলনা মেট্রোপলিটন পুলিশে এবং সিআইডির ফারহানা আফরোজ জেমিকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
একই পদমর্যাদার চুয়াডাঙ্গা সদর সার্কেলের মো. মোস্তাফিজুর রহমানকে নড়াইল সদর সার্কেলে, ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের মো. সায়েম ইউসুফকে পুলিশ হেডকোয়ার্টার্সে এবং ডিএমপির পহন চাকমাকে নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মো. মশিয়ার রহমানকে রাঙ্গামাটির ১৮ এপিবিএনে, সাতক্ষীরার তালা সার্কেলের শেখ মোহাম্মদ নূরুল্লাহকে চুয়াডাঙ্গার দামুড়হুদা সার্কেলে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ফারহান-উল-ইমামকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।
এ ছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এস. এম. মাহবুবুল আলমকে সিআইডিতে, র্যাবের মো. জিয়া লতিফুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশে এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের শেখ মো. আব্দুর রাজ্জাককে সিআইডিতে নতুন দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে।











































