
সংগৃহীত ছবি
আগামী ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত চলচ্চিত্র ‘মাস্তুল’। মুক্তির এক মাস আগে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। পোস্টারটির নকশা করেছেন ধ্রুব এষ।
নির্মাতা জানান, আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর চলতি বছরের শুরুতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতির কারণে মুক্তি পিছিয়ে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ নদীবন্দরকে কেন্দ্র করে নির্মিত ‘মাস্তুল’-এর গল্পে উঠে এসেছে এক বৃদ্ধ ট্যাংকার রাঁধুনি ও এক পথশিশুর সম্পর্কের মধ্য দিয়ে ভাসমান মানুষের জীবনসংগ্রাম। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন ও আমিনুর রহমান। বাস্তব লোকেশনে চিত্রায়িত এ ছবিতে পেশাদার অভিনেতাদের পাশাপাশি প্রকৃত ট্যাংকার খালাসিরাও অংশ নিয়েছেন।
আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে ‘মাস্তুল’। ছবিটি ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ এবং ১৮তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কার অর্জন করেছে। এছাড়া ২৬তম ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা মানবিক চলচ্চিত্র’ বিভাগে মনোনয়ন পেয়েছে।














































