
র্যাঙ্কিং প্রকাশ করেছে বিবিসি স্পোর্টসের বিশেষজ্ঞ প্যানেল।
বিশ্বকাপের গ্রুপপর্বের প্রথম রাউন্ড শেষ হওয়ার পর টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮টি দলের পারফরম্যান্স মূল্যায়ন করে নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে বিবিসি স্পোর্টসের বিশেষজ্ঞ প্যানেল।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দারুণ জয় দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করলেও প্রথম ম্যাচের পারফরম্যান্সের বিচারে তারা শীর্ষে নেই। বরং সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ফ্রান্স, যারা নিজেদের প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে তালিকার এক নম্বরে উঠে এসেছে।
ইংল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে হ্যারি কেইনের দল। আর্জেন্টিনা জায়গা পেয়েছে তৃতীয় স্থানে। লিওনেল মেসির নেতৃত্বে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
জার্মানি ৭-১ গোলে কুরাসাওকে উড়িয়ে দিয়ে চতুর্থ এবং স্বাগতিক যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে পঞ্চম স্থানে রয়েছে। ষষ্ঠ স্থানে থাকা নরওয়ে তাদের প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়েছে, যেখানে আবারও আলো ছড়িয়েছেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড।
শীর্ষ দশে থাকা অন্য দলগুলো হলো কলম্বিয়া (৭), মরক্কো (৮), ব্রাজিল (৯) এবং সুইডেন (১০)। মরক্কো ও ব্রাজিলের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও মরক্কোর পারফরম্যান্স বিশেষজ্ঞদের বেশি মুগ্ধ করেছে।
অন্যদিকে সবচেয়ে বড় চমক দেখিয়েছে কেপ ভার্দে। স্পেনের মতো পরাশক্তির বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা ১৭তম স্থানে জায়গা করে নিয়েছে। স্পেন অবশ্য প্রত্যাশার তুলনায় অনেক নিচে, ১২ নম্বরে অবস্থান করছে।
পর্তুগাল, যাদের নেতৃত্বে রয়েছেন কিংবদন্তি ক্রিশ্চিয়ানের রোনালদো, তারা ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ২১তম স্থানে রয়েছে। অপরদিকে ডিআর কঙ্গো ২৩ নম্বরে অবস্থান করছে।
তালিকার একেবারে নিচে রয়েছে বিশ্বকাপে অভিষেক হওয়া কুরাসাও। জার্মানির কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে হেরে ৪৮ দলের মধ্যে শেষ স্থানে রয়েছে তারা। ৪৭ নম্বরে রয়েছে পানামা এবং ৪৬ নম্বরে তিউনিসিয়া, যারা প্রথম ম্যাচের পরই কোচকে বরখাস্ত করে আলোচনায় এসেছে।
প্রথম ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে তৈরি এই র্যাঙ্কিংয়ে অনেক চমক থাকলেও টুর্নামেন্ট যত এগোবে, দলগুলোর অবস্থানও তত বদলে যেতে পারে। তবে শুরুটা দেখে ফ্রান্স, ইংল্যান্ড ও আর্জেন্টিনাকেই আপাতত শিরোপার প্রধান দাবিদার হিসেবে মনে করছেন বিশ্লেষকরা।
প্রথম ম্যাচের পর বিশ্বকাপের ৪৮ দলের র্যাঙ্কিং
১. ফ্রান্স
২. ইংল্যান্ড
৩. আর্জেন্টিনা
৪. জার্মানি
৫. যুক্তরাষ্ট্র
৬. নরওয়ে
৭. কলম্বিয়া
৮. মরক্কো
৯. ব্রাজিল
১০. সুইডেন
১১. অস্ট্রেলিয়া
১২. স্পেন
১৩. নেদারল্যান্ডস
১৪. মেক্সিকো
১৫. জাপান
১৬. স্কটল্যান্ড
১৭. কেপ ভার্দে
১৮. বেলজিয়াম
১৯. মিশর
২০. সেনেগাল
২১. পর্তুগাল
২২. ক্রোয়েশিয়া
২৩. ডিআর কঙ্গো
২৪. সুইজারল্যান্ড
২৫. নিউজিল্যান্ড
২৬. ইরান
২৭. সৌদি আরব
২৮. হাইতি
২৯. দক্ষিণ কোরিয়া
৩০. উরুগুয়ে
৩১. তুরস্ক
৩২. অস্ট্রিয়া
৩৩. আইভরি কোস্ট
৩৪. ঘানা
৩৫. আলজেরিয়া
৩৬. জর্ডান
৩৭. বসনিয়া ও হার্জেগোভিনা
৩৮. কানাডা
৩৯. ইরাক
৪০. ইকুয়েডর
৪১. চেক প্রজাতন্ত্র
৪২. উজবেকিস্তান
৪৩. দক্ষিণ আফ্রিকা
৪৪. কাতার
৪৫. প্যারাগুয়ে
৪৬. তিউনিসিয়া
৪৭. পানামা
৪৮. কুরাসাও












































