
ফাইল ছবি
দেশে সংগৃহীত ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থার ফলে স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত ফি সরাসরি সংশ্লিষ্ট দূতাবাস, তাদের বিদেশি কার্যালয় কিংবা নির্ধারিত ব্যাংক হিসাবে পাঠাতে পারবেন।
সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকে পাঠানো হয়েছে। সার্কুলারে ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর ক্ষেত্রে কয়েকটি সুনির্দিষ্ট শর্ত কঠোরভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসা ফি অবশ্যই সংশ্লিষ্ট দূতাবাস কর্তৃক নির্ধারিত হারে সংগ্রহ করতে হবে। এর পাশাপাশি সংগৃহীত ফির বিপরীতে দূতাবাস বা তাদের অনুমোদিত প্রতিষ্ঠানের ইস্যু করা ইনভয়েস বা বিলের কপি সংরক্ষণ করা বাধ্যতামূলক করা হয়েছে।
একই সাথে প্রতিটি আবেদনকারীর কাছ থেকে সংগৃহীত ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নথিপত্র ফাইলের সাথে সংযুক্ত রাখতে হবে। এছাড়া বিদেশে এই অর্থ পাঠানোর আগে নিয়মানুযায়ী প্রযোজ্য সব ধরনের সরকারি কর যথাযথভাবে কাটা হয়েছে কি না, তাও ব্যাংককে নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, নতুন এই নির্দেশনার ফলে ভিসা ফি পরিশোধ ও তা বিদেশে পাঠানোর দীর্ঘসূত্রতা দূর হবে এবং পুরো প্রক্রিয়াটি আরও সহজ, দ্রুত ও সুশৃঙ্খল হবে। এর পাশাপাশি এই ধরণের বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতাও আগের চেয়ে অনেক বাড়বে।





































