
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ৫ টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় সরকারের চারটি সূত্র আজ বুধবার জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে। ভারত পাকিস্তানের নয়টি ‘সন্ত্রাসী অবকাঠামো’য় আঘাত হানার কথা বলার কয়েক ঘন্টা পরেই এ তথ্য জানা গেল। খবর রয়টার্স।
এদিকে পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, পাঁচটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। যদিও ভারত পাকিস্তানের এ দাবির ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান। সু–৩০ ও মিগ–২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।
পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষের দিকে খবর পাওয়া যায়, ফ্রান্স থেকে আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। ভারতের হাতে থাকা ৩৬টি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে নতুন ২৬টি এলে দেশটির রাফাল যুদ্ধবিমানের বহর আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল।
এই ২৬ রাফাল যুদ্ধবিমানের মূল্য প্রায় ৭৪০ কোটি ডলার। নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে ফ্রান্স থেকে এসব যুদ্ধবিমান কিনছে নয়াদিল্লি।
রাফাল যুদ্ধবিমানগুলো তৈরি করেছে ফরাসি মহাকাশ সংস্থা দাসোঁ এভিয়েশন। বলা হয়, এগুলো ভারতের নিজেদের তৈরি বিমানবাহী রণতরি থেকে পরিচালিত হবে। রাশিয়ার মিগ-২৯ এর জায়গায় নতুন রাফাল যুদ্ধবিমানগুলো যুক্ত করার কথাও জানানো হয়।
পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, দেশটির মাটিতে আক্রমণে অংশ নেওয়ার পরই ওই পাঁচটি ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এবং সফলভাবে তাদের ভূপাতিত করা হয়েছে। যা পাকিস্তানের আকাশপথে জয়। এবং ভারত তাদের তাদের ‘কাপুরুষোচিত’ অবস্থান টের পেয়েছে
ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের পাঁচটি বিমান, কয়েকটি মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) ও নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে।
কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল, এখন তা যুদ্ধে গড়িয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।
ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ এলাকার স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে । কাশ্মীরের একটি এলাকায় পাকিস্তান হামলা চালানোর পর কর্তৃপক্ষ এমন ঘোষণা দিয়েছে।
ভারতীয় সেনাবাহিনী বলেছে, কাশ্মীরের ভিম্বার গলি এলাকায় গোলা ছুড়েছে পাকিস্তান। স্থানীয় বাসিন্দারা বিবিসিকে বলেছেন, তাঁরা ওই অঞ্চলের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিবিসি লাইভ থেকে নেওয়া







































