বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ জুন ২০২৫, ৮:৩২ অপরাহ্ন
শেয়ার

সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার


nurul-huda

ফাইল ছবি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সাবেক সিইসি এ কে এম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে জনতা আটক করে আমাদের হেফাজতে দিয়েছে। এখন তাকে থানায় আনা হয়েছে।’ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

রোববার আওয়ামী লীগ আমলের এ কে এম নুরুল হুদাসহ তিন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন করে নির্বাচন অনুষ্ঠান করার অভিযোগে শেরে বাংলা নগর থানায় মামলা করে বিএনপি। তবে তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমনের মামলা রয়েছে আগে থেকেই।

নুরুল হুদা ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সিইসি ছিলেন। তার নেতৃত্বে থাকা কমিশনের অধীনে ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আগের রাতেই ব্যালট বাক্স ভরে ফেলার অভিযোগ ছিল, যে জন্য সেটি ‘নিশি রাতের ভোট’ হিসেবে আলোচিত।