বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাংশ ও তার আশপাশে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। এ অবস্থায় দেশের চারটি সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (২৫ জুন) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বাতাসের চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এতে করে উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোতে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে সতর্ক করা হয়েছে।
এ ছাড়া আবহাওয়ার আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৬ জুন) দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। আগামী সপ্তাহজুড়েও সারা দেশে বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে।




































