বুধবার । মার্চ ২৫, ২০২৬
ডেস্ক রিপোর্ট জাতীয় ৩০ জুন ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
শেয়ার

ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান যুব উপদেষ্টার


ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ সোমবার মরক্কোর মারাকেশ শহরে ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ) এবং মরক্কোর যুব, সংস্কৃতি ও যোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ (৩০ জুন) ওআইসিভুক্ত সদস্য দেশসমূহের প্রতিনিধিদের এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

মরক্কো সফরকালে বাংলাদেশের অন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা একাধিক দ্বিপাক্ষিক বৈঠকেও অংশগ্রহণ করেন।

স্থানীয় সময় আজ বেলা ১১টায় আইসিওয়াইএফ প্রেসিডেন্ট তাহা আয়হানের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের সাহসী ভূমিকার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, জুলাই-পরবর্তী সময়ে তরুণদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার।

তিনি বলেন, তরুণদের মানসম্মত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে দেশি-বিদেশি সম্ভাব্য সব প্ল্যাটফর্মে সরকার কাজ করছে। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য গ্লোবাল ইয়ুথ সামিটে অংশ নিতে আইসিওয়াইএফের মাধ্যমে ওআইসিভুক্ত সদস্য দেশগুলোর তরুণদের আমন্ত্রণ জানান উপদেষ্টা।