মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৫ জুলাই ২০২৫, ৭:৩০ পূর্বাহ্ন
শেয়ার

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প


Donald Trumpইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া যদি আগামী ৫০ দিনের মধ্যে কোনো চুক্তিতে না আসে, তাহলে তাদের ওপর কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউজে নেটো জোটের মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, “আমি রাশিয়ার আচরণে মোটেও সন্তুষ্ট নই। ৫০ দিনের মধ্যে কোনো সমাধানে না পৌঁছালে আমরা খুবই গুরুতর শুল্ক আরোপ করব।”

তিনি জানান, শুধু রাশিয়া নয়, তাদের সঙ্গে ব্যবসা করা দেশ ও প্রতিষ্ঠানগুলোর ওপরও এই ‘সেকেন্ডারি শুল্ক’ কার্যকর হবে। যার পরিমাণ হতে পারে ১০০ শতাংশ পর্যন্ত।

ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে কয়েক মাস আগেই চুক্তি হওয়া উচিত ছিল। কিন্তু তা না হওয়ায় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নিজের হতাশা প্রকাশ করেন।

রাশিয়ার রপ্তানি নির্ভর অর্থনীতিকে চাপে ফেলতেই এই সেকেন্ডারি শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে চীন, ভারত, ব্রাজিল ও তুরস্কের মতো দেশগুলো—যারা রাশিয়ার জীবাশ্ম জ্বালানির ওপর এখনো নির্ভরশীল।

উল্লেখ্য, চলমান যুদ্ধ পরিস্থিতিতে এটি ট্রাম্পের প্রথম শুল্ক হুমকি নয়। তবে এবারই তিনি রাশিয়াকে একটি নির্দিষ্ট সময়সীমা—আগামী সেপ্টেম্বর পর্যন্ত—বেঁধে দিয়েছেন।

মার্চ মাসেও ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যদি রাশিয়ার কারণে ইউক্রেনে যুদ্ধ বন্ধে চুক্তি না হয়, তাহলে রাশিয়ার তেল রপ্তানির ওপর শুল্ক বসানো হবে। তবে এবার কোন কোন রুশ পণ্য এই নতুন শুল্কের আওতায় পড়বে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু বলেননি প্রেসিডেন্ট ট্রাম্প।