
দক্ষিণ কোরিয়ায় গত সপ্তাহ থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টি ও ভূমিধসে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন এখনো নিখোঁজ রয়েছেন। সোমবার (২১ জুলাই) দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার রাত ৯টা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জন দক্ষিণাঞ্চলীয় সানচেয়ং কাউন্টিতে, ২ জন উত্তরের গাপিয়ং কাউন্টিতে এবং ২ জন পশ্চিমাঞ্চলীয় সিওসান শহরে মারা গেছেন। নিখোঁজ ৯ জনের মধ্যে চারজন সানচেয়ং এবং চারজন গাপিয়ংয়ের বাসিন্দা।
ইয়োনহাপ নিউজের খবরে বলা হয়, গত বুধবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে ১৪ হাজারের বেশি মানুষ ১৫টি বড় শহর ও প্রদেশজুড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।
বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশজুড়ে। সরকারি স্থাপনায় ১ হাজার ৯৯৯টি এবং বেসরকারি স্থাপনায় ২ হাজার ২৩৮টি ক্ষয়ক্ষতির ঘটনা রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

দেশটির আবহাওয়া সংস্থা জানায়, সোমবার সকাল পর্যন্ত দক্ষিণ জিওল্লা, দক্ষিণ গিয়ংসাং প্রদেশ এবং জেজু দ্বীপে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এছাড়া উত্তর জিওল্লা ও উত্তর গিয়ংসাং প্রদেশে সকাল ৯টার পর থেকে এবং রাজধানী সিউলসহ গ্যাংওন ও চুংচেয়ং অঞ্চলে বৃষ্টি শুরু হবে দুপুর নাগাদ।
পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সরকার সব ভারী বৃষ্টির সতর্কতা তুলে নিয়েছে এবং রোববার ‘গুরুতর সতর্কতা’ স্তর থেকে ‘সতর্কতা’ পর্যায়ে নামিয়ে আনা হয়েছে।




































