আবারও দুর্ঘটনার কবলে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। মঙ্গলবার (২২ জুলাই) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন ধরে যায়।
এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-৩১৫ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পরই বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে আগুন লাগে। তবে এ ঘটনায় যাত্রী ও বিমানের কর্মীরা নিরাপদ আছেন।
ভারতের জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বিমানের যাত্রীরা যখন নামছিলেন, তখনই আগুনের সূত্রপাত হয় বলে জানানো হয়েছে। আগুন ধরা পড়ার সঙ্গে সঙ্গে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে বন্ধ হয়ে যায়। এ সময় যাত্রী ও ক্রুরা নিরাপদে বিমান থেকে নেমে যান।
এয়ার ইন্ডিয়ার বক্তব্য অনুযায়ী, এয়ারবাস এ৩২১ মডেলের ওই বিমানটিতে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং বিমানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন এ বিষয়ে অবগত রয়েছে।
এয়ারলাইন্সটির মুখপাত্র জানান, কীভাবে আগুন লাগল, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত সোমবারও আরেকটি দুর্ঘটনার মুখে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। কোচি থেকে মুম্বাই আসার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানের চাকা। এতে তিনটি চাকা ফেটে যায় এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, রোববার ডেল্টা এয়ারলাইন্সের একটি বোয়িং ড্রিমলাইনার ফ্লাইট মাঝ-আকাশে অগ্নিকাণ্ডের শিকার হয়। সৌভাগ্যবশত, পাইলটের দ্রুত পদক্ষেপে সেটি লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে। যদিও বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে নিরাপদ বিমানযাত্রা নিয়ে যাত্রীদের আশঙ্কা আরও বাড়ছে।
সাম্প্রতিক সময়ে এয়ার ইন্ডিয়ার একের পর এক দুর্ঘটনায় সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বোয়িং ড্রিমলাইনার নিয়ে উদ্বেগ বাড়ছে।




































